আদাবরে বিএনপি নেতা হত্যায় জড়িত তিন আসামি গ্রেপ্তার

রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে উদযাপনকে কেন্দ্র করে বিএনপি নেতা আবুল বাসার বাদশা হত্যা মামলার অন্যতম আসামি পারভেজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

গতকাল রবিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে গ্রেপ্তার অভিযান, হত্যাকা-ের পেছনের কারণ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। আদাবর থানায় দায়ের করা হত্যা মামলার ২ নম্বর আসামি অভিযুক্ত পারভেজ, মো. সুমন ও মো. শহীদকে গ্রেপ্তার করা হয়েছে।

নয়মুল হাসান জানান, হত্যায় অভিযুক্ত এজারভুক্ত দুই নাম্বার আসামি পারভেজকে কিশোরগঞ্জ সদর থানার যশোদলপুর ইউনিয়নের বুবিরচর গ্রামের লালু কসাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে হুকুমদাতা শহীদ মিয়াকে জামালপুর সদর এলাকা থেকে এবং অন্য আসামি সুমনকে ময়মনসিংহের নান্দাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১ জুলাই রাতে রাজধানীর আদাবরের নবোদয় কাঁচাবাজার এলাকায় বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়। একই হামলায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন গুরুতর আহত হন।