মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে নতুন করে যাতে অনুপ্রবেশ না হয়, সরকার সেদিকে তীক্ষè নজর রাখছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন অঞ্চলে দেশটির সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ সম্প্রতি তীব্রতর হওয়ায় সেখান থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের নাগরিকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। মিয়ানমারের রাখাইনে সেখানকার সামরিক বাহিনীর নিপীড়নের শিকার হয়ে রোহিঙ্গা সম্প্রদায়ের বিভিন্ন বয়সের প্রায় ১২ লাখ সদস্য বর্তমানে বাংলাদেশে পর্যটন জেলা কক্সবাজারে বিভিন্ন আশ্রয়শিবিরে অবস্থান করছে।