ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে প্রধানমন্ত্রী সতর্ক করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল রবিবার রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন মন্ত্রী একদিন ট্রাফিক সিগন্যালে আটকে গেছেন, তার গানম্যানকে বলেছেন, সার্জেন্টকে গিয়ে বলতে মন্ত্রী সাহেব আছেন একটু ছেড়ে দেন। ওই কথাটা প্রধানমন্ত্রীর কানে চলে যায়। কেবিনেট মিটিংয়ে উনি উল্লেখ করেন, ‘একজন মন্ত্রী এই কাজ করেছেন আর যেন কোনো দিন না শুনি, সো কেয়ারফুল।’
সরদার মো. সাখাওয়াত বলেন, এই বাংলাদেশের মানুষ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যদি দেশটাকে উন্নত না করতে পারে, আর কোনো প্রধানমন্ত্রী এসে পারবে না। কারণ আমরা উনাকে ভয় পাই। এই যে উনি সচিবালয় অফিস করেন এত বড় প্রাসাদ রেখে, কেন? এতে মজা কী? অফিস করেন আমাদের নিয়মানুবর্তিতা শেখানোর জন্য। উনি ওখানে বসার পর থেকে আমাদের কলিজা থেকে পানি যায় না। পৌনে ৯টার আগে সব মন্ত্রী, সচিব, অফিসার হাজির। এই সংসদে সকাল থেকে রাত ১১-১২টা পর্যন্ত আমরা অনেক সময় ঘুমঘুম ভাব হয়ে যাই, উনার চোখে ঘুম দেখি না।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখনও গ্লুকোমিটার, রক্তচাপ মাপার যন্ত্র, স্টেথোস্কোপ, সার্জিক্যাল ইন্সট্রুমেন্টসহ অসংখ্য সাধারণ মেডিক্যাল ডিভাইস বিদেশ থেকে আমদানি করতে হয়, যার জন্য প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়। অথচ এসব ডিভাইসের একটি বড় অংশ দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের সমন্বিত উদ্যোগে সহজেই দেশে উৎপাদন করা সম্ভব।