চলতি বছরের এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২ হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের ৫টি জেলার ১১৪টি কেন্দ্রে ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় মোট ৯১ হাজার ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৯ হাজার ৩৭৭ জন। অনুপস্থিতির হার প্রায় ২ দশমিক ৩০ শতাংশ।
চট্টগ্রাম জেলার ৬৮টি কেন্দ্রে মোট ৬৫ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৬৩ হাজার ৮২১ জন। এই জেলায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩০৪ জন। কক্সবাজারের ১৮টি কেন্দ্রে ১১ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ১১ হাজার ২২৩ জন। পার্বত্য জেলা রাঙামাটির ১০টি কেন্দ্রে ৪ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৮৩০ জন অংশ নিয়েছেন। খাগড়াছড়ির ১০টি কেন্দ্রে ৬ হাজার ৫২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৬ হাজার ৩৩৮ জন এবং বান্দরবান জেলার ৮টি কেন্দ্রে ৩ হাজার ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ১৬৫ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।
বহিষ্কৃত চার পরীক্ষার্থীর মধ্যে দুইজন চট্টগ্রাম জেলার ও দুইজন কক্সবাজার জেলার। পাহাড়তলী কলেজ কেন্দ্রে ওমরগনি এম.ই.এস কলেজের শিক্ষার্থী, ওমর গণি এম.ই.এস কলেজ কেন্দ্রে সরাই পাড়া সিটি করপোরেশন কলেজের শিক্ষার্থী, কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রে কক্সবাজার কমার্স কলেজের শিক্ষার্থী ও কুতুবদিয়া কলেজ কেন্দ্রে কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অসদুপায় অবলম্বন করার অপরাধে চট্টগ্রাম জেলার দুইজন ও কক্সবাজার জেলার দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।