ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১০

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি এবং বাদৈর ইউনিয়নের হাতুড়েবাড়ি গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার মূলগ্রাম-বাদৈর ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালকদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মূলগ্রাম ও বাদৈর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও বিরোধের কোনো সমাধান হয়নি।

সোমবার বিকেলে মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের এক বাসিন্দার মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাদৈর ইউনিয়নের হাতুড়েবাড়ি গ্রামের একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ও অটোরিকশা চালকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আগের বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজন যোগ দিলে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

পরে মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষ দা, ছুরি, রামদা, বল্লম, ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের এক বাসিন্দার মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাদৈর ইউনিয়নের হাতুড়েবাড়ি গ্রামের একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের পর উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ইট-পাটকেল নিক্ষেপে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত