আত্ম*হত্যা করতে চাওয়া ক্রিকেটারকে শোকজ করবে বিসিবি

হাসপাতালের বিছানায় শুয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ২টি ছবি শেয়ার করার পাশাপাশি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার ইসমা তানজিম। সেখানে তিনি লিখেছেন, 'আজকাল জাতীয় দল থেকে বাদ পড়লেই নাকি খেলোয়াড়রা এমন করে! আসলেই? কারও সঙ্গে অন্যায় না হলে কেউ এত বড় সিদ্ধান্ত কেন নেবে? আমার সঙ্গেও একবার হয়েছিল। কতবার হয়েছে, সেটা আর না বললাম। তবে আজকে জানি না কেন বেঁচে গেলাম, কিন্তু আমি বাঁচতে চাইনি।'

চলতি মাসের শেষ দিকে সাদা বলের দুই সংস্করণের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ নারী ইমার্জিং দল। এই সফরের জন্য চলা ক্যাম্পে অনুশীলন করেন ইসমা। তবে নির্বাচকেরা ক্যাম্পের দৈর্ঘ্য ছোট করে ২১ জনে নামিয়ে আনলে বাদ পড়েন এই ডানহাতি ব্যাটার। এ জন্য গত শুক্রবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ নিয়ে ইসমা বলেন, 'আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম। জানি না, আমার পরিবার কীভাবে বুঝেছে। আমি এখনো হাসপাতালে ভর্তি আছি। ৩ দিন আইসিইউতে ছিলাম। আমি ক্রিকেটকে ভালোবেসে মরতে গিয়েছিলাম। আর নিতে পারছিলাম না। যখনই আমি দেখেছি ২১ জনের মধ্যে আমি নেই, তখনই এই সিদ্ধান্তটা নিই।'

তবে ঠিক কী কারণে জাতীয় দলের হয়ে ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেন, সেটা জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের। দল থেকে বাদ পড়ার যে অভিযোগ এনেছেন, এ জন্য সুস্থ হলে এই ক্রিকেটারকে শোকজ করবে বিসিবি। নারী বিভাগের একজন কর্মকর্তা বলেন, 'পারফর্ম করতে না পারলে বাদ পড়তে হবে। এটাই তো খেলার নিয়ম। আপনাকে আবার পারফর্ম করে ফিরতে হবে। সে আমাদের জাতীয় দলের হয়েও খেলেছে। এখন নেই কেন, সেটা তারও জানার কথা। সুস্থ হলে আমরা তাকে ডেকে জিজ্ঞেস করব, কেন এসব বলছে। নাকি এর পেছনে অন্য ঘটনা আছে।'