স্মার্ট চশমায় সাবস্ক্রিপশন আনল মেটা

স্মার্ট চশমার কিছু উন্নত সুবিধা ব্যবহারে এবার সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করেছে মেটা। ‘মেটা ওয়ান’ নামে নতুন এ সেবার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কিছু ফিচার দীর্ঘ সময় ব্যবহার করার সুযোগ পাবেন। তবে সাধারণ ফিচার ব্যবহারের জন্য কোনো সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 মেটার ওয়েবসাইটে প্রকাশিত এক ব্লগে বলা হয়েছে, নতুন সাবস্ক্রিপশনে ‘কনভারসেশন ফোকাস’সহ কয়েকটি প্রিমিয়াম সুবিধা এবং অগ্রাধিকারভিত্তিক গ্রাহকসেবা দেওয়া হবে। বিনামূল্যের ব্যবহারকারীরা কনভারসেশন ফোকাস সুবিধা মাসে সর্বোচ্চ তিন ঘণ্টা ব্যবহার করতে পারবেন। অন্যদিকে ‘মেটা ওয়ান প্রিমিয়াম’ গ্রাহকরা একই সুবিধা মাসে ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে কোনো মাসের অব্যবহৃত সময় পরবর্তী মাসে যুক্ত হবে না।

কনভারসেশন ফোকাস এমন একটি প্রযুক্তি, যা আশপাশে কোলাহল থাকলেও ব্যবহারকারীর সামনে থাকা ব্যক্তির কণ্ঠস্বর আরও স্পষ্টভাবে শোনাতে সাহায্য করে। মেটার ভাষ্য, এ সুবিধাটি সম্পূর্ণভাবে স্মার্ট চশমার ভেতরেই কাজ করে। এর জন্য ক্লাউডভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবার প্রয়োজন হয় না।

 মেটার এ পদক্ষেপ প্রযুক্তি বিশ্লেষকদের নজর কেড়েছে। কারণ, অ্যাপলের এয়ারপডস প্রোতে থাকা ‘কনভারসেশন বুস্ট’ সুবিধাও একই ধরনের অভিজ্ঞতা দেয়, তবে সেটি ব্যবহার করতে আলাদা কোনো সাবস্ক্রিপশন লাগে না। ফলে স্মার্ট ডিভাইসের উন্নত ফিচার ব্যবহারে সাবস্ক্রিপশন মডেল ভবিষ্যতে আরও বিস্তৃত হবে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।