শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ দাঙ্গা

শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দি ও কারারক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। গতকাল সোমবার কর্র্তৃপক্ষ জানায়, দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে গত রবিবার এই সংঘর্ষের সূত্রপাত হয়। মূলত সাজাপ্রাপ্ত স্থায়ী কয়েদি এবং অস্থায়ীভাবে আটক বন্দিদের মধ্যে এই বিবাদ শুরু হয়। কারা বিভাগের তথ্য অনুযায়ী, ওই কারাগারে প্রায় ২ হাজার ৪০০ বন্দি রয়েছে। রবিবার প্রথম দফার সংঘর্ষে দুই বন্দি নিহত এবং ৩৮ জন আহত হন। তবে সোমবার সকালে দ্বিতীয় দফায় আরও ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়লে ৬ জন কারা কর্মকর্তাসহ আরও ২৩ জন প্রাণ হারান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিসোটাধারী দাঙ্গা পুলিশ এবং বিশেষ বাহিনীকে দ্রুত কারাগারে পাঠানো হয়। স্থানীয় ডেরানা টিভির ফুটেজে দেখা গেছে, কারাগারের বাইরে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে আহত বন্দিদের নিয়ে পুলিশের বাসগুলোকে কারাগার থেকে বের হয়ে হাসপাতালের দিকে যেতে দেখা গেছে। এগুলোর ভেতরে অনেকজনকে আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বর্তমানে কারাগারের ভেতরে তল্লাশি ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সহিংসতার খবর ছড়িয়ে পড়লে কারাগারের বাইরে বন্দিদের স্বজনরা ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে বেষ্টনী তৈরি করে তাদের সরিয়ে দেয়। কয়েকজন স্বজন বিবিসিকে বলেন তাদের স্বজনরা কোথায় আছেন কিংবা বেঁচে আছেন নাকি মারা গেছেন, সে বিষয়ে কর্র্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তথ্যই দেওয়া হচ্ছে না।

কারা বিভাগের মুখপাত্র চামিকা গজানায়েক বলেন, সকালের নাশতা পরিবেশনের সময় এই মারামারি শুরু হয়। কারা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বন্দিরা তাদের ধাওয়া করে কারাগারের গেট পর্যন্ত নিয়ে আসে এবং জেল ভেঙে পালানোর চেষ্টা করে। এই সহিংসতার পেছনে মাদক চোরাচালান সংশ্লিষ্ট কোনো কারণ থাকতে পারে বলে তিনি উল্লেখ করলেও তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাননি। তিনি আরও জানান, বন্দিদের অন্য কারাগারে স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের সূত্রগুলো জানিয়েছে, কারাগারের ভেতরের বিভিন্ন অংশ এখনো অবরুদ্ধ। তল্লাশি করে পরিষ্কার করা হচ্ছে। কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ধারণ এবং হিসাব মেলাতে কাজ করে যাচ্ছেন। দেশটির বিচার ও কারাগারবিষয়ক মন্ত্রী হর্ষনা নানায়াক্কারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্তে কর্র্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আহতদের কয়েকজনকে নেগোম্বো হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের কারও শরীরে গুলির ক্ষত রয়েছে, আবার কেউ কেটে যাওয়ার ক্ষত ও মারাত্মক জখম নিয়ে এসেছেন। বাকিদের কলম্বো ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গার সময় কারাগারের ছাদের একটি অংশ ধসে পড়ে।

এ সময় কয়েকজন নারী বন্দি আহত হন। শ্রীলঙ্কার ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিতে ঠাসা কারাগারগুলোতে মাঝেমধ্যেই দাঙ্গা লেগে থাকে, তবে রবি ও সোমবারের এই সহিংসতা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে অন্য একটি কারাগারে দাঙ্গায় ১১ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছিলেন। গত রবিবার পর্যন্ত শ্রীলঙ্কার কারাগারগুলোতে মোট ৪১ হাজার ২৫০ জন বন্দি ছিলেন, যা ধারণক্ষমতার চেয়ে চারগুণ বেশি।