প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০১:৫১ এএম

প্রশান্ত মহাসাগরে একটি পারমাণবিক সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কৌশলগত (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে চীন। গতকাল সোমবার চীনের পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীপ্রশান্ত মহাসাগরের উন্মুক্ত জলসীমায় সফলভাবে এই পরীক্ষা সম্পন্ন করেছে। দেশটির নৌবাহিনীর বিবৃতিতে মুখপাত্র ওয়াং জুয়েমেং জানান, ডামি ওয়্যারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত সমুদ্র এলাকায় নিখুঁতভাবে অবতরণ করে। ওয়াং আরও উল্লেখ করেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের বার্ষিক সামরিক প্রশিক্ষণের একটি নিয়মিত আয়োজন। এই পরীক্ষার প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তবে চীনের নৌবাহিনীর মুখপাত্র জানান, এ বিষয়ে ওই অঞ্চলের দেশগুলোকে আগেই অবহিত করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, চীনের এই পরীক্ষা অঞ্চলটিকে ‘অস্থিতিশীল’ করে তুলছে। তিনি বলেন, অস্ট্রেলিয়া বরাবরই স্পষ্ট করে বলেছে, এই পরীক্ষা চীনের দ্রুত সামরিক শক্তি বৃদ্ধির অংশ। জাপানের সরকার জানিয়েছে, তারা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য পেয়েছে এবং চীনকে ভবিষ্যৎ এ বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। জাপানি সরকারি সূত্রের বরাত দিয়ে কিয়োডো নিউজ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত