মাদারীপুরের কালকিনি উপজেলায় বিষধর সাপের কামড়ে খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি গ্রামের নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা বেগম উত্তর কোলচরি গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং জাকির বেপারীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, সকালে রান্নার প্রস্তুতির জন্য রান্নাঘরে লাকড়ি-খড়ি বের করতে গেলে লাকড়ির ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। পরে তার চিৎকার শুনে স্বামী ও স্বজনরা দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বলেন, সাপের কামড়ে আহত অবস্থায় খাদিজা বেগমকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হাসপাতাল থেকে মৃত্যুর সংবাদ পেয়ে বিষয়টি পুলিশকে অবগত হয়েছে। এটি সাপের কামড়ে স্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।