মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে রোগীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স বৌলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ ৭ জন আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাসের চাপ কমার আশঙ্কা