স্ত্রীর অস্ত্রের আঘাতে ঢাকা মেডিকেলের কর্মচারীর মৃত্যু

রাজধানীর বংশাল থানাধীন নাজিমউদ্দিন রোডের একটি বাসায় পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর হাতে মাদকাসক্ত স্বামী খুন হয়েছেন। নিহতের নাম সুমন (৪০)। তিনি ঢাকা মেডিকেলের বেসরকারি কর্মচারী হিসেবে চাকরি করতেন।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নাজিমউদ্দিন রোডের জমিদার গলির একটি বাড়ির ৪ তলার বাসায় এই ঘটনা ঘটে। সুমনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে  তাকে মৃত ঘোষণা করেন।

সুমনের বাড়ি হবিগঞ্জের কমলগঞ্জ উপজেলায়। তার বাবার নাম নবী মিয়া। 

সুমনকে হাসপাতালে নিয়ে আসা ২য় স্ত্রী নাসিমা আক্তার জানান, জমিদার গলির ওই বাসায় তিনি এক মেয়ে নিয়ে থাকেন। একই এলাকায় থাকেন সুমনের ১ম স্ত্রী ডলি। সোমবার রাতে সুমন নাসিমার বাসায় যান। রাতেই বাসা থেকে নাসিমার ১৫শ টাকা চুরি হয়। রাতে সুমনকে তিনি বাথরুমে মাদকসেবন করতেও দেখেছেন। পরে এসব বিষয় নিয়ে আজ সকালে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সুমন নাসিমাকে ব্যাপক মারধর শুরু করে। তার পেটে কামড় দেয়। এক পর্যায়ে লোহার একটি ধারালো বস্তু এনে সেটি দিয়ে নাসিমাকে আঘাত করে। এরপর দুজনের হাতাহাতির এক পর্যায়ে সেই ধারালো বস্তুটি সুমনের বুকে বিধে যায়। সঙ্গে সঙ্গে সেখান থেকে রক্তক্ষরণ শুরু হলে নাসিমাই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার বুকের বা পাশে একটি জখম রয়েছে।