‘স্বেচ্ছা রক্তদাতারা জাতীয় বীর’

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

স্বেচ্ছায় রক্তদাতাদের ‘জাতীয় বীর’ ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘কোনো রকম চাওয়া-পাওয়া ছাড়াই স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতারা। তারা জাতীয় বীর। তারা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত।’ নিজের জীবনে ১০ ব্যাগ রক্ত গ্রহণের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, শুধু সম্মাননা দিয়ে রক্তদাতাদের সম্মান করা যায় না; তাদের প্রতি শ্রদ্ধা মানুষের অন্তরে জাগ্রত থাকে। স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে মানবতার জয়গান শেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।

Blood Donet

অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে সম্মাননা সনদ, মেডেল ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। কোয়ান্টাম ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের কথা উল্লেখ করে অধ্যাপক রইছ উদদীন বলেন, ‘কোয়ান্টাম মানুষের আত্মিক পরিচর্যা ও আত্মপরিচয় সৃষ্টির অনন্য উদাহরণ।’

অনুষ্ঠানে আলোচকেরা জানান, কোয়ান্টাম ল্যাবে নারী রক্তদাতার সংখ্যা ৫৫ হাজার ৬০। তাদের মধ্যে লাইফ লং ডোনার ৬ হাজার ৪৯, সিলভার ডোনার ১ হাজার ৭২, গোল্ডেন ডোনার ১৮২ এবং প্লাটিলেট ডোনার পাঁচজন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সাড়ে পাঁচ লাখের বেশি রক্তদাতার সমন্বয়ে গড়ে ওঠা কোয়ান্টাম ল্যাব ২০০০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ১৮ লাখের বেশি মুমূর্ষু রোগীকে রক্ত ও রক্তের উপাদান দিয়ে সহায়তা করেছে। অন্তত ৫০ বার রক্ত দিয়েছেন, এমন প্লাটিনাম ডোনার রয়েছেন ২০১ জন। ২৫ থেকে ৪৯ বার রক্ত দিয়েছেন ৩ হাজার ১৭৪ জন গোল্ডেন ডোনার; ১০ থেকে ২৪ বার দিয়েছেন ১৩ হাজার ১৫৮ জন সিলভার ডোনার। অন্তত তিনবার রক্ত দেওয়া লাইফ লং ডোনারের সংখ্যা ৫৯ হাজারের বেশি।

অনুষ্ঠানে ৫০ বার রক্ত দেওয়া প্লাটিনাম দাতা সৈয়দা রাবেয়া বসরী মুনমুন তার অভিজ্ঞতা তুলে ধরেন। থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা মেহেদী হাসান এবং হিমোফিলিয়ায় আক্রান্ত আব্দুল্লাহও তাঁদের অনুভূতি জানান।

ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম. রেজাউল হাসান। আলোচকেরা কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত