পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পত্তি নিয়ে বিরোধ, মিরপুরে পাহাড়িদের মানববন্ধন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

ঢাকার মিরপুর-১৩-তে শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে শুক্রবার সকালে মানববন্ধন করেছেন ঢাকায় বসবাসরত পাহাড়ি নারী-পুরুষ। পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পত্তি ও প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষা, বিহারের মূল ভবন নির্মাণ এবং সংঘের সাবেক সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর ভূমিকা নিয়ে আয়োজকেরা তা দের বক্তব্য তুলে ধরেন।

শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক শৈলজ বিকাশ চাকমার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন কমিটির সদস্য, সমাজকর্মী, সাবেক সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিতায়ন চাকমা; বিবৃতি পাঠ করেন স্বস্তি চাকমা।

বিবৃতিতে বলা হয়, ১৯৭৬ সালে পার্বত্য বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে মিরপুর-১৩-এর জমিতে শাক্যমুনি বৌদ্ধ বিহার গড়ে ওঠে। আয়োজকদের অভিযোগ, সংঘের সম্পত্তি ও বিহার পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম ও বিরোধ চলছে। তাদের দাবি, ২০১৭ সালে সংঘের সম্পত্তি নিয়ে করা একটি চুক্তিতে ভবন নির্মাণের পর কলেজ কর্তৃপক্ষের মালিকানার সুযোগ রাখা হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে পাঁচটি দাবি জানানো হয়: দ্রুত বিহারের মূল ভবন নির্মাণ, অধ্যক্ষ হিসেবে শীলবান ও বিনয়ী ভিক্ষুকে নিয়োগ, কমপ্লেক্স সংঘ ও বৌদ্ধ জনগণের স্বার্থে ব্যবহার, স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন এবং অভিযোগগুলো তদন্ত করে ন্যায্য সিদ্ধান্ত নেওয়া।

বিবৃতিতে অ্যাডভোকেট নিকোলাস চাকমা বলেন, সংঘের সম্পদ ও প্রতিষ্ঠান রক্ষায় বৌদ্ধ সমাজের সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত