মৌলভীবাজারে বাথরুম থেকে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ​

নিহত আব্দুল আজিজ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শুটকি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি মরদেহ রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। রাতে বিষয়টি জানতে পেরে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।