পর্যটননগরী শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে সাত লেয়ারের চায়ের স্বাদ নেননি, এমন পর্যটক ও দর্শনার্থী খুঁজে পাওয়া কঠিন। একই গ্লাসে সাতটি পৃথক স্তর ও রঙের এই চা স্বাদে যেমন অনন্য, তেমনি এর পরিবেশনও বিস্ময় জাগায়। এরই মধ্যে দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে এই চায়ের পরিচিতি। বর্তমানে এক গ্লাসে সর্বোচ্চ ১০ স্তরের চা পাওয়া যাচ্ছে।
দেশের মন্ত্রিপরিষদের সদস্য, সচিব, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই চায়ের স্বাদ নিয়েছেন। তবে আলোচিত এই চায়ের উদ্ভাবক কোনো গবেষক নন, বরং একজন সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী। তার নাম রমেশ রাম গৌড়।
রমেশের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার প্রত্যন্ত আটানি বাজার এলাকায়। প্রায় ২৬ বছরের বেশি সময় ধরে তিনি সপরিবারে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসবাস করছেন। শহরতলির রামনগর এলাকায় চা-বাগানের পাশে গড়ে তুলেছেন ‘নীলকণ্ঠ চা কেবিন’। তার হাত ধরেই শ্রীমঙ্গলের সাত লেয়ারের চা দেশ-বিদেশে পরিচিতি পেয়েছে। এছাড়া পর্যটন গ্রাম হিসেবে পরিচিত রাধানগরেও তার আরেকটি প্রতিষ্ঠান নির্মাণাধীন।
নিজের সংগ্রামী জীবনের গল্প বলতে গিয়ে রমেশ রাম গৌড় দৈনিক দেশ রূপান্তরকে জানান, একই গ্লাসে সাত স্তরের চায়ের উদ্ভাবক তিনি নিজেই। বর্তমানে তিনি এক গ্লাসে সর্বোচ্চ ১০ স্তরের চা তৈরি করছেন। তবে সাত স্তরের চা চালুর পরই তার প্রতিষ্ঠান দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি পায়। এ কারণেই মানুষ তার দোকানকে সাত লেয়ারের চায়ের দোকান হিসেবে চেনে।
রমেশ জানান, একসময় তিনি ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ময়মনসিংহের মুক্তাগাছার আটানি বাজারে আরেক ব্যবসায়ীর সঙ্গে অংশীদারত্বে ব্যবসা করতেন। কিন্তু ওই অংশীদার ব্যবসার পুরো টাকা আত্মসাৎ করায় তাকে আর্থিক সংকটে পড়তে হয়।
এ অবস্থায় ২০০০ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র দেড় হাজার টাকা নিয়ে সপরিবারে শ্রীমঙ্গলে আসেন তিনি। ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়নের রামনগর মণিপুরী পাড়ায় বাসা ভাড়া নেন। এরপর শহরের নতুন বাজারের একটি দোকানে চাকরি শুরু করেন। কিন্তু স্বল্প বেতনে বাসাভাড়া ও পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়ায় নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন।
মাত্র সাড়ে তিন মাস চাকরি করার পর ওই বছরের আগস্টে চাকরি ছেড়ে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পাশের কাকিয়াছড়া চা-বাগান প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ছোট বাজারে একটি চায়ের দোকান খোলেন। শুরুতে বেশ কষ্টের মধ্য দিয়ে দিন কাটলেও প্রচলিত দুধ চা ও রঙের চায়ের বাইরে নতুন কিছু করার চিন্তা তাকে তাড়িত করত।
সেই চিন্তা ও নিরলস প্রচেষ্টার ফল আসে ২০০২ সালে। ওই বছর একই গ্লাসে দুই স্তর বা দুই রঙের চা তৈরি করেন তিনি। নতুন ধরনের এই চা দ্রুত মানুষের মধ্যে সাড়া ফেলে। বাড়তে থাকে ক্রেতার সংখ্যা। একপর্যায়ে দিন-রাত ২৪ ঘণ্টাই চা তৈরি করতে হতো তাঁকে। এক ঘণ্টার জন্যও অবসর মিলত না।
দুই স্তরের চায়ের সাফল্য তাকে আরও নতুন কিছু করার সাহস জোগায়। এরপর ধীরে ধীরে চায়ের স্তর বাড়াতে থাকেন। বর্তমানে তাঁর উদ্ভাবিত চা ১০ স্তরে পৌঁছেছে। তবে সাত লেয়ারের চায়ের পরিচিতিই সবচেয়ে বেশি।
চা তৈরির উপকরণ সম্পর্কে রমেশ জানান, বাজার থেকে বাছাই করা ক্লোন টি ও বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করে এসব চা তৈরি করা হয়।
বর্তমানে তার দোকানে বিভিন্ন স্তরের চায়ের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্লাস ১০ লেয়ারের চা ১০৫ টাকা, নয় লেয়ারের ৯০ টাকা, আট লেয়ারের ৮৫ টাকা, সাত লেয়ারের ৭৫ টাকা, ছয় লেয়ারের ৬০ টাকা, পাঁচ লেয়ারের ৫০ টাকা, চার লেয়ারের ৪০ টাকা, তিন লেয়ারের ৩০ টাকা এবং দুই লেয়ারের চা ২০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া হাই স্পেশাল চা ৫০ টাকা, মালাই চা ও মাল্টা চা ৩০ টাকা করে বিক্রি হয়। পাতা চা, স্পেশাল দুধ চা, গ্রিন টি ও সাদা চায়ের দাম ২০ টাকা করে। আদা চা ও লাল চা পাওয়া যায় ১০ টাকায়।
রমেশ জানান, বর্তমানে তার আদি নীলকণ্ঠ টি কেবিন নামে একটি দোকান চালু রয়েছে। এর আগে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের ক্যান্টিনেও নীলকণ্ঠ টি কেবিন নামে তাঁর আরেকটি দোকান ছিল। তবে নানা কারণে সেটি বন্ধ হয়ে গেছে।
বয়সের কারণে এখন আর নিয়মিত দোকানে সময় দিতে পারেন না তিনি। তাই রামনগর মণিপুরী পাড়ার আদি নীলকণ্ঠ টি কেবিন পরিচালনা করছেন তার ছেলে রাজিব রাম গৌড়। বাবার কাছ থেকেই এক গ্লাসে একাধিক স্তরের চা তৈরির কৌশল শিখেছেন তিনি।
এদিকে শ্রীমঙ্গলের পর্যটন গ্রাম রাধানগরে আরও একটি দোকান চালু করতে যাচ্ছেন রমেশ। আগামী মাসের দিকে সেটি উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।