মণিপুরী নৃত্যে মহারাসলীলায় মাতল জনতা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে বুধবার (২৫ নভেম্বর) ভোরে। মণিপুরী নৃত্যের অপূর্ব পরিবেশনা, ধর্মীয় আচার ও বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবটি পরিণত হয় নানা ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলায়।

বুধবার ভোরে উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ জোড়ামণ্ডপ এবং ৭ নম্বর আদমপুর ইউনিয়নের তেতুইগাঁওয়ে মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরীদের মহারাসলীলা অনুষ্ঠিত হয়। এ বছর মাধবপুরের জোড়ামণ্ডপে মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের ১৮৪তম এবং আদমপুরে মৈতৈ সম্প্রদায়ের ৪১তম রাস উৎসব উদযাপিত হয়েছে।

প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী মহারাসলীলায় নানা ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয়। কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ, ভারত ও বর্হিবিশ্বের লক্ষাধিক দর্শনার্থীদের উপস্থিতিতে এবারের উৎসব দেশের অন্যতম প্রাণের উৎসবের রূপ লাভ করে। মণিপুরী সম্প্রদায়ের পূণ্যস্থান হিসাবে বিবেচিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে রাসোৎসবের জন্য তৈরি সাদা কাগজের নকশায় সজ্জিত বিশাল মণ্ডপগুলো এক রাতের জন্য হয়ে উঠে লাখো মানুষের মিলনতীর্থ। মণিপুরী শিশু, তরুণ-তরুণী, কিশোরী ও যুবতী নৃত্যশিল্পীদের সুনিপুন নৃত্যাভিনয় আর ঢাক, ঢোল, মৃদঙ্গ, খোল, করতাল, শঙ্খধ্বনি রাতভর মন্ত্রমুগ্ধ করে রেখেছিল লাখো ভক্ত ও দর্শনার্থীদের। 

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় মাধবপুরে রাখাল রাস বা গোষ্ঠলীলার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এ আয়োজনে বালকেরা রাখাল সেজে মাথায় ময়ূরপুচ্ছখচিত মুকুট ও হাতে বাঁশি নিয়ে নৃত্যের মাধ্যমে শ্রীকৃষ্ণের বাল্যজীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় শিল্পী ও লেখক আড্ডা। সন্ধ্যা ৭টায় ছিল আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মাধবপুরস্থ জোরামণ্ডপে অনুষ্ঠিত ১৮৪তম রাস উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। 

অপরদিকে আদমপুরে অনুষ্ঠিত রাস উৎসবে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, ভারতের মণিপুর রাজ্যের আন্দ্রো জেলার কালচারাল হেরিটেজ কমপ্লেক্সের ফাউন্ডার মুতুওয়া বাহাদুর এবং বাংলাদেশ মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল. জয়ন্ত সিংহ।

দিনব্যাপী নানা অনুষ্ঠানের পর রাত ১২টা থেকে শুরু হয় মাধবপুরের জোড়ামণ্ডপের তিনটি মন্ডপে তিনটি রাস এবং আদমপুরের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে একটি রাস। উভয় স্থানেই মণিপুরী নৃত্যশিল্পীরা সারারাত তাদের ঐতিহ্যবাহী নৃত্যে মাতিয়ে রাখেন দর্শনার্থীদের। কিশোরী-যুবতী গোপনীদের নৃত্যে আকর্ষণীয় মণ্ডপ হয়ে উঠে প্রাণময়। রাতে মহারাস শুরু হলে অসংখ্য ভক্ত-পূর্ণ্যার্থী মহারাসলীলা দেখে আবেগে আপ্লুত হয়ে বাতাসা (এক প্রকার মিষ্টান্ন), টাকা-পয়সা ছিটিয়ে দেন নৃত্যরত শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা গোপিনীদের ওপর।

মহারাস উৎসবের সন্ধ্যা থেকেই উভয় স্থানে কয়েক কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়। মাধবপুর শীববাজারস্থ রাস উৎসবের দর্শনার্থী অধিকাংশ নারী-পুরুষ-শিশু ৩ থেকে ৪ কিলোমিটার পর্যন্ত পথ পায়ে হেটে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। স্থান সঙ্কুলান না হওয়ায় প্রাইভেট কার, মাইক্রো, সিএনজি অটেরিকশা, বাসসহ সহস্রাধিক যানবাহন সড়কের পাশের জমিগুলোতে পার্কিং করতে হয়। 

রাস পূর্ণিমা উপলক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও মণ্ডপগুলোর আশ-পাশে বসেছিল বিরাট মেলা। নাগরদোলাসহ শিশুদের খেলাধুলার বিভিন্ন সামগ্রীও ছিল। এছাড়া মেলাকে প্রাণবন্ত করে তোলে বাঁশের বাঁশি, নানা রঙের চুড়ি, শিশুদের খেলনা, কাপড়, মণিপুরী হস্তশিল্পজাত সামগ্রী, বই, খাবারের দোকান ও নানা রকম বেতের তৈরি আসবাবপত্র। বুধবার (২৫ নভেম্বর) ঊষালগ্ন বা ভোরে এবারের রাস উৎসবের সমাপ্তি ঘোষণার পর লাখো মানুষ পরম পরিতৃপ্তি নিয়ে উৎসবস্থল ত্যাগ করেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত