সদ্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়ে গেলেও ভোটের অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন মন্তব্য করছেন চিত্রনায়িকা রোজিনা ও পলি। দুই প্রজন্মের এই শিল্পী প্রকাশ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তারমধ্যে নায়িকা পলি অভিযোগ এনেছেন, নির্বাচনে অর্থের প্রভাব ছিল।
এবার সব অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা শানু। তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের পর অনেকের মধ্যেই হতাশা ও অভিমান কাজ করে। তাই অভিযোগগুলোকে তিনি সেই দৃষ্টিতেই দেখছেন। তার ভাষায়, নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। আর পরাজয়ের কষ্ট থেকে অনেক সময় আবেগের বহিঃপ্রকাশ ঘটে।
শিবা শানু বলেন, ‘নির্বাচনে পরাজয় হলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়। আবার বিভিন্ন ধরনের কথা শুনতে হলে সেই কষ্ট আরও বেড়ে যায়। আমি বিশ্বাস করি, সময়ের সঙ্গে এই খারাপ লাগা কেটে যাবে।’
পলির অভিযোগটি সরাসরি নাকচ না করলেও এটিকে পরাজয়ের হতাশা থেকে আসা মন্তব্য হিসেবে দেখছেন প্রসঙ্গেও শিবা শানু। তার ভাষায়, ‘তিনি যে অভিযোগ করেছেন, আমার মনে হয় না কেউ টাকার জন্য এখানে এসেছে। হয়ত পরাজয়ের কষ্ট থেকে এমন কথা বলেছেন। তিনি প্রকাশ করেছেন, কিন্তু বিষয়টি নিয়ে আগে তার সঙ্গে কথা বলতে চাই। তিনি কী বলতে চাচ্ছেন, সেটা শুনে তারপর প্রয়োজন হলে সিদ্ধান্ত নেওয়া হবে।’