জনগণের ভোট নিয়েই সরকার ক্ষমতায়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে।

মঙ্গলবার (৭ জুলাই) সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর উদ্যোগে আয়োজিত ‘দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণ’ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে অ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সুষ্ঠু নির্বাচন হলে দেশের মানুষ বিএনপিকেই ভোট দেয়। জনগণ মনে করে দেশ ও গণতন্ত্রের জন্য বিএনপি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি।

তিনি বলেন, যারা জনগণের সমর্থন হারিয়েছে, তারাই বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কথা বলছে। তবে জনগণের শক্তিতে বিশ্বাসী বিএনপিকে সরানো সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, কৃষিবিদ ও প্রতিনিধিরা।

দুই পর্বে অনুষ্ঠিত কর্মসূচির প্রথম পর্বে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সাভারের ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।