গরুর পঁচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

একই সঙ্গে জব্দ করা প্রায় দুই মণ পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহানের নেতৃত্বে বাগাট বাজারে অভিযান পরিচালনা করেন। 

অভিযানে জাকির কসাইয়ের দোকানে পচা গরুর মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত জাকির কসাইকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি দোকান থেকে উদ্ধার করা প্রায় দুই মণ পচা মাংস জব্দ করে তা মাটিতে পুঁতে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। পরে উপস্থিত সকলের সামনে গরুর মাংস মাটিতে পুঁতে রাখা হয়।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান জানান, গোপন সূত্রে পচা মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জব্দ করা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। আগামীতেও ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।