চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জেল রোড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পলিথিন বিক্রয় ও মজুদের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানার দিক নির্দেশনায় রবিবার (৫ জুলাই) এই অভিযান নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন ও মো. আল মামুন।
পরিবেশ অধিদপ্তর জানায়, গোপন খবর পেয়ে জেল রোড এলাকায় নিষিদ্ধ পলিথিন বিরোধী এই বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রয়, প্রদর্শনী ও মজুদের দায়ে ‘খাজা পলি মার্ট’ ও ‘বাগদাদ পলি স্টোর’ নামের দুটি প্রতিষ্ঠানকে দুটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটি থেকে আনুমানিক ২৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এসময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক প্রমুখ।