গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ফার্মেসিকে (ওষুধ ব্যবসায়ী) অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে এসব ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ জুলাই) দুপুরে শ্রীপুর বাজারসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, শ্রীপুর রেলগেট এলাকার তারেক মেডিকেল হল, নূর ফার্মেসি, প্রত্যাশা মেডিকেল হল, শ্রীপুর ডিবি রোড এলাকার জনসেবা ঔষধালয় এবং গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার জয়নাল মেডিকেল হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, ‘সকাল থেকে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষা এবং ওষুধ বিক্রিতে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে।’
তিনি আরও বলেন, ‘সাতটি ওষুধ ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’