ফেরদৌস ওয়াহিদ

তিনি ছিলেন এক পরম বিস্ময়

কালজয়ী সুরকার আলম খান ও বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদের চলে যাওয়ার চার বছর পূর্ণ হলো আজ। ২০২২ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান এই দুই গুণী শিল্পী। প্রয়াণ দিবসে তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা

বাংলা গানের জগতে আলম খান কেবল একজন সংগীত পরিচালকই ছিলেন না, তিনি ছিলেন এক পরম বিস্ময় ও অবিনাশী বিস্ফোরণ। যে কজন গুণী মানুষের হাত ধরে দেশের চলচ্চিত্র সংগীতের চাকা ঘুরে গিয়েছিল, তিনি তাদের অন্যতম। আমার সংগীত জীবনের পথচলায় তিনি শুধু একজন পথপ্রদর্শকই নন, আমার গুরুও বটে। চলচ্চিত্রে আমাকে প্লেব্যাক করার সুযোগ তিনিই করে দিয়েছিলেন।

মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে দেখেছি, গান আদায়ের ক্ষেত্রে আলম খান ছিলেন অনন্য। গান শেখানোর সময় বা রেকর্ডিংয়ের অবসরে তিনি যেমন বন্ধুর মতো মিশতেন, কাজের সময় ঠিক তেমনই হয়ে উঠতেন কঠোর শিক্ষক। কাজে সামান্য অবহেলাও তিনি সহ্য করতে পারতেন না। গানের নিখুঁত পরিপূর্ণতা না আসা পর্যন্ত তিনি হাল ছাড়তেন না। প্রয়োজনে রেকর্ডিং বন্ধ করে অন্যদিন সময় দিতেন, তবু আপস করতেন না।

প্রযোজক ও পরিচালকদের কাছ থেকে সিনেমার পরিস্থিতি অত্যন্ত নিখুঁতভাবে বুঝে নিতেন তিনি। রেকর্ডিংয়ের দু-তিন দিন আগে থেকেই চলত মহড়া। গোপীদা নামের এক পারফেক্ট ভদ্রলোক সহযোগী হিসেবে এ সমন্বয়ের কাজটি করতেন। নতুন শিল্পীকে দিয়ে কীভাবে সেরা কাজ বের করতে হয়, তা গান তৈরির আগেই টের পেতেন আলম খান। অনেক শিল্পীকে তিনি নিজ হাতে গড়েছেন। অকপটে স্বীকার করি, আমি তারই সৃষ্টি। আলম খান না থাকলে হয়তো আজকের ফেরদৌস ওয়াহিদের গান গাওয়াই হতো না।

মানুষ হিসেবে তিনি ছিলেন অনন্য। সবাইকে সম্মান করতেন। দীর্ঘ ক্যারিয়ারে কোনো দিন তাকে অর্থকড়ির লোভ ছুঁতে পারেনি। কাজের সময় উনার মুখাবয়ব দেখেই আমরা বুঝতাম সব ঠিক আছে কি না। উনার গম্ভীরতা মানেই গানে কোথাও খুঁত রয়েছে, আর তখন আমরাও দ্বিগুণ উৎসাহে আবার গাইতে চাইতাম। তিনিও আনন্দের সঙ্গে সুযোগ দিতেন।

নিয়তির নিয়মে আলম সাহেব চলে গেছেন। কিন্তু যে শিক্ষা ও সুরের আলো তিনি বিলিয়ে গেছেন, তা প্রজন্মে ছড়িয়ে পড়বে আপনা-আপনিই। সময়ের কষ্টিপাথরে মানুষ তার এই অবদান আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। উনার দুই ছেলেই সংগীতের সঙ্গে যুক্ত। বড় ছেলে আরমান খান বাবার কাছাকাছি যাচ্ছেন। ছোট ভাই ‘পপ গুরু’ আজম খান ইতিহাসের আরেক অধ্যায়। সব মিলিয়ে এই ‘খান পরিবার’ দেশের সাংস্কৃতিক আকাশে চিরকাল উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়াবে।