আকুর বিল পরিশোধের পর নিট রিজার্ভ ২৭.৯৩ বিলিয়ন ডলার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর আমদানি বিল বাবদ ১ দশমিক ৪৮৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এ অর্থ পরিশোধের পর দেশের নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলারে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি তহবিল সমন্বয় ছাড়া দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পদ রয়েছে ৩৬ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। এ তহবিল সমন্বয়ের পর মোট রিজার্ভ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আকুর আমদানি বিল বাবদ ১ দশমিক ৪৮৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধের পর রিজার্ভের এ হালনাগাদ হিসাব পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ ও ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগ-২-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারমূল্যে দেশের নিট আন্তর্জাতিক রিজার্ভ ২৭ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে বিপিএম-৬ পদ্ধতিতে সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার এবং দীর্ঘমেয়াদি তহবিল সমন্বয় ছাড়া মোট রিজার্ভ সম্পদ ৩৬ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার।

আকু হলো সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পরিচালিত একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। বর্তমানে এর সদস্য দেশ বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। সদস্য দেশের মধ্যে আমদানি-রপ্তানির হিসাব দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। নির্ধারিত সময়ে আকুর বিল পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাময়িক চাপ তৈরি হলেও পরে রপ্তানি আয়, রেমিট্যান্স ও অন্যান্য বৈদেশিক মুদ্রা প্রবাহের মাধ্যমে রিজার্ভ আবার বাড়তে থাকে।