ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ডের খসড়া অনুমোদন

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম

পুঁজিবাজারে নতুন একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রস্তাবপত্র ও এর সারসংক্ষেপে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশনের ১০১৯তম সভায় ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড’-এর খসড়া প্রস্তাবপত্র এবং খসড়া প্রস্তাবপত্রের সারসংক্ষেপ অনুমোদন করা হয়।

বিএসইসির তথ্য অনুযায়ী, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড ৩ কোটি টাকা বিনিয়োগ করেছে। বাকি ২৭ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড।

এ ছাড়া ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) এবং হেফাজতকারী হিসেবে দায়িত্ব পালন করবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি। বিএসইসির এ অনুমোদনের ফলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফান্ডটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের কার্যক্রম শুরু করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত