প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের, সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। গতকাল বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় এবং বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। বৈঠকে উভয় দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক প্রশিক্ষণের আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বৃদ্ধির বিষয়ে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহায়তার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে উভয় দেশের উল্লেখযোগ্য অবদান এবং আগামীতে বিশ্ব শান্তি ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে তারা মতবিনিময় করেন। প্রতিরক্ষা উপদেষ্টা ইতালির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ইতালির সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে। ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা এবং ভবিষ্যতে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও নিবিড় হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।  বিজ্ঞপ্তি