জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না। শেখ হাসিনার আমলে একটি রোগ ছিল সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ আর হতে দেব না। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে গতকাল বুধবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, সংসদে এমপি-মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয় দেশে কোনো সমস্যা নেই। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারাই বলুন, বাংলাদেশে সমস্যা আছে কি নেই? তিনি বলেন, সংসদে বলা হয় দেশে মাঝে মাঝে বিদ্যুৎ যায়, কিন্তু এটিকে লোডশেডিং বলা হয় না। লোক দেখানো বক্তব্য না দিয়ে মানুষের ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারেক রহমান, গণঅভ্যুত্থানের পর আপনি বাংলাদেশে এসেছেন। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার দলের নেতাকর্মীরা যদি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকে এবং নিরীহ মানুষের ওপর জুলুম করে, তবে সেই দায়ও আপনাকেই নিতে হবে।