তথ্য সংগ্রহে উপ-কমিটি

বিভাগীয় শহরে জাবির ভর্তি পরীক্ষা

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আয়োজন পরিকল্পনা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। এ পরিকল্পনা বাস্তবায়নে তথ্য সংগ্রহের লক্ষ্যে দেশের চার বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে পৃথক চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে গ্রহণের বিষয়ে গঠিত বাস্তবায়ন কমিটির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পদ্ধতি, ব্যবস্থাপনা ও সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পৃথক চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, তথ্য সংগ্রহের সুবিধার্থে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা-সংক্রান্ত জরুরি জিজ্ঞাসা সংবলিত একটি নমুনা প্রশ্নমালা উপ-কমিটিগুলোর কাছে পাঠানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।