প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন, দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ এবং অসংখ্য মানুষের ত্যাগ-তিতিক্ষার ধারাবাহিক পরিণতি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের উদ্দেশ্য কেবল সরকার পরিবর্তন নয়, বরং এমন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, যেখানে জনগণের ভোট ও মতের যথাযথ প্রতিফলন ঘটবে। গতকাল বুধবার জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘মননে জুলাই’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। জাহেদ উর রহমান বলেন, বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন, মানবাধিকারকর্মীদের ভূমিকা, গুমের শিকার পরিবারগুলোর দীর্ঘদিনের সংগ্রাম, সাধারণ মানুষের প্রতিরোধ এবং আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়েই তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ভিত্তি তৈরি হয়েছিল।