রেকর্ড আয়, আলোচনায় ইন্ডে নাভারেত্তে

নতুন প্রজন্মের হলিউড অভিনেত্রীদের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম ২৫ বছর বয়সী মার্কিন তারকা ইন্ডে নাভারেত্তে। মাত্র ১ মিলিয়ন ডলার বাজেটের স্বল্পদৈর্ঘ্য ঘরানার সিনেমা ‘অবসেশন’ বক্স অফিসে ৩০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে রেকর্ড গড়েছে। ৮.১ রেটিং নিয়ে সিনেমাটি বর্তমানে আইএমডিবির শীর্ষ ২৫০ চলচ্চিত্রের তালিকায় ২৪৭তম অবস্থানে রয়েছে। আর এই সাইকোলজিক্যাল প্রজেক্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো আইএমডিবির জনপ্রিয় তারকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন ইন্ডে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় জন্ম নেওয়া লাতিন বংশোদ্ভূত ইন্ডের হলিউড যাত্রা সহজ ছিল না। ৫ ফুট উচ্চতার এই অভিনেত্রী শুরুতে ‘খুব বেশি লাতিন’ কিংবা ‘যথেষ্ট লাতিন নন’। এমন স্টেরিওটাইপ মন্তব্যের শিকার হয়ে অসংখ্য অডিশন থেকে বাদ পড়েছেন। তবে দমে না গিয়ে ২০১৮ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে নেটফ্লিক্সের ‘থার্টিন রিজনস হোয়াই’ এবং ‘সুপারম্যান অ্যান্ড লোইস’ সিরিজে অভিনয় করে তিনি আন্তর্জাতিক মহলে পরিচিতি পান। বর্ণ ও জাতিগত বৈষম্যের ঊর্ধ্বে উঠে চরিত্র নির্বাচন করা ইন্ডে মনে করেন, জনপ্রিয়তার জন্য বড় বাজেট নয়, বরং সঠিক গল্প আর পরিশ্রমই আসল।