বাংলা গানের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ‘তোমায় শুধু চাই’ শিরোনামের নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। আল-আমিন জমাদ্দার সবুজের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জীবন ওয়াসিফ। সম্প্রতি ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এই গানে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে আসা তরুণ শিল্পী সালমান রাজ, যিনি মূলত প্রয়াত প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের গান কাভার করে পরিচিতি পেয়েছেন।
নতুন এই সৃষ্টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গানটির সুর ও বাণী আমার ভীষণ ভালো লেগেছে। আমি সবসময়ই নতুন প্রতিভাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সেই ধারাবাহিকতা থেকেই নতুন শিল্পী সালমানের সঙ্গে গানটি গাওয়া। ও অত্যন্ত চমৎকার গায়, আমার সঙ্গে বেশ ভালো গেয়েছে। গানটি গাওয়ার অনুরোধ আসার পর আমি প্রথমে এর ডেমো শুনতে চেয়েছিলাম। শোনার পর কাজটা করার আগ্রহ তৈরি হয়। এই পুরো টিমের জন্য আমার অনেক শুভকামনা ও দোয়া রইল।’
জানা গেছে, খুব শিগগিরই গানটি এজেএস ইউটিউব চ্যানেল থেকে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে।