কারিগরি জটিলতার কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পূর্বনির্ধারিত সিদ্ধান্ত থেকে সরে এসে ফল প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়ে দিয়েছে। নতুন করে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে রবিবার (১২ জুলাই)।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি। এছাড়া কারিগরি কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব কারণে ফল প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়ে যাচ্ছে। বড় কোনো সমস্যা দেখা না দিলে আগামী রবিবার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী বলেন, বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
জানা যায়, গত ১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ৯ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সেখানে ৯ জুলাই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী ফল প্রস্তুতের কাজ করছিল অধিদপ্তর।
গত ৬ জুলাই অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা জানিয়েছিলেন, ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ হয়েছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।