বৃষ্টিতে দুমকিসহ উপকূলে জলাবদ্ধতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর দুমকিসহ উপকূলীয় এলাকায় টানা ছয়দিন ধরে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত জেলায় ৮২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে উপজেলার শ্রীরামপুর, লেবুখালী, আঙ্গারিয়া ও পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকা তলিয়ে গেছে। অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহর থেকে গ্রামাঞ্চলের অনেক কাঁচা সড়কে পানি জমে জনসাধারণের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন মাছচাষী ও বর্ষাকালীন সবজি চাষীরা। পাশাপাশি কর্মহীন হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃহস্পতিবারও দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।