হবিগঞ্জ জেলায় খোয়াই নদীর পানি বৃদ্ধি উজানে হ্রাস পেলেও ভাটিতে বৃদ্ধি পাচ্ছে। নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে হুমকি দেখা দিয়েছে। পানির চাপে বাঁধ নড়বড় হয়ে পড়ছে। হালকা ফাটল ও ছিদ্র হয়ে পানি ছুইচে।
প্রতিরক্ষা বাঁধের বহির্ভূত বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নের রাধাপুর এলাকায় নদীর বাঁধ উপচে পানি প্রবেশ করে ওই উপজেলার মকরমপুর ও সুজাতপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে হাওরে কোন ফসল না থাকায় ক্ষতির আশংকা কম রয়েছে।
এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ার পৌর এলাকার দানিয়ালপুর যশের আব্দা, কামড়াপুর এলাকায় শতাধিক বসত ঘরে পানি প্রবেশ করেছে। এতে বেশ কয়েকটি পরিবারের সদস্যরা স্থানীয় কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্র জানায়, বিকেলে তিন খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপৎসীমা ২১২ সে মি, শায়েস্তাগঞ্জে ১১৮ সে মি ও শহরের মাছুলিয়া পয়েন্টে ১৪০ সে মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, সীমান্তবর্তী বাল্লায় খোয়াই নদীর পানি বিপৎসীমার ২২০ সেঃমিঃ ও হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া এলাকায় ১২৫ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও বলেন, শহর প্রতিরক্ষা বাঁধ মোটামুটি ভালো আছে। তবে শরতলীর ভাদই এলাকায় বাঁধের কিছু স্থানে ঝুকিপূর্ণ অবস্থায় আছে। এসব স্থানে জিও ব্যাগ ও বালু দিয়ে মেরামতের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। বানিয়াচং উপজেলার রাধানগর গ্রামে খোয়াই নদীর তীর উপচে বন্যার পানি হাওড়ে প্রবেশ করছে।
ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত কমছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, উজানে বৃষ্টি কমায় আশা করা যায় বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার দিকে হবিগঞ্জেও খোয়াই নদীর পানি হ্রাস পাবে।