রাস্তার পাশে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ভোরে শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে শিশুটিকে দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়দের ভাষ্য, নবজাতকের শরীরে স্যালাইন লাগানো ছিল। খবর ছড়িয়ে পড়লে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে আসেন। 

বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় শিশুটিকে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলে জানা গেছে।

আব্দুর রশিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়। শিশুটির জীবন রক্ষাই ছিল সবার প্রথম লক্ষ্য। তাই দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও শিশুটির প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হবে।

এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কে বা কারা নবজাতকটিকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখতে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত