গত দুই দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে নদ—নদীগুলোতে পানি বাড়ছে। ইতোমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি। সুতাং, করাঙ্গি, সোনাইসহ অন্যান্য নদীতেও প্রতিনিয়ত পানি বাড়ছে। ফলে নদী তীরবর্তী এলাকাসহ হাওরাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, উজানে ও দেশের অভ্যন্তরে প্রচুর পরিমান বৃষ্টি হচ্ছে। বুধবার (৮ জুলাই) দুপুরের পর থেকেই খোয়াই ও কুশিয়ারা নদীতে পানি বিপদসীমা অতিক্রম করতে থাকে। চুনারুঘঘাট উপজেলার বাল্লা পয়েন্টে বিকাল ৬টায় পানি বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর কালনী কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ক্রমেই পানি বাড়ছে। এছাড়া করাঙ্গি, সুতাং ও সোনাইসহ জেলার সবক’টি নদ—নদীতেই পানি বাড়ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এখনও পর্যন্ত আমরা বন্যার কোন পূর্বাভাস পাইনি। পুর্বাভাসে যদি বন্যা হয় তবে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরে প্রচন্ড গরম অনুভব হচ্ছিল। হঠাৎ করেই মঙ্গলবার থেকে জেলায় ভারি বর্ষণ শুরু হয়। মঙ্গলবার ও বুধবার দিনভর টানা বর্ষণ হয়। দুইদিনের বৃষ্টিপাতের ফলে জেলায় সবগুলো নদ—নদীতেই পানি বৃদ্ধি পেতে থাকে। বুধবার দুপুরের পর থেকে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে চলে যায়। এ অবস্থায় নদীর তীরবর্তী ও হাওর এলাকার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।