আনোয়ারা

জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মো. ইশতিয়াক নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামের হাসান সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইশতিয়াক ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

নিহতের চাচা আনোয়ার হোসেন বলেন, ‘ইশতিয়াক সকালে খেলতে বের হয়েছিল। দুপুরের দিকে ঘরে না ফেরায় স্বজনেরা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানির মধ্যে তাকে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।