ছোটপর্দার জনপ্রিয় মুখ ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীর নতুন নাটক ‘শালিক বালিকা’। আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
নাটকের গল্পে দেখা যাবে, উজিরপুর হাইস্কুলের দশম শ্রেণির সবচেয়ে চঞ্চল, স্পষ্টভাষী ও রূপবতী ছাত্রী সুমাইয়া। রূপের জাদুতে এলাকার শত তরুণের মনে ঝড় তুললেও কারও প্রস্তাবেই সায় দেয়নি সে। তবে স্কুলে অয়ন নামে নতুন এক গণিত শিক্ষক আসতেই বদলে যায় দৃশ্যপট। প্রথম দেখাতেই তরুণ শিক্ষকের প্রেমে মগ্ন হয় সুমাইয়া। অংকের অজুহাতে প্রতিনিয়ত অয়নের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে সে।
একপর্যায়ে মনের কথা চেপে রাখতে না পেরে সরাসরি শিক্ষককে ভালোবাসার প্রস্তাব দিয়ে বসে সুমাইয়া। ছাত্রীর এমন পাগলামি থামাতে বুদ্ধি খাটায় অয়ন। শর্ত দেয়, মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষায় দারুণ ফল করলেই কেবল তার প্রস্তাব ভাবা হবে। শিক্ষকের মন পেতে সুমাইয়াও রাত-দিন এক করে পড়ালেখায় ডুবে যায়। অবশেষে পরীক্ষার কাক্সিক্ষত ফল নিয়ে খুশিতে যখন অয়নের কাছে ছুটে যায় সুমাইয়া, তখনই গল্পে আসে এক নাটকীয় মোড়; উধাও হয়ে যায় অয়ন। এভাবেই এক মনস্তাত্ত্বিক ও আবেগঘন পরিণতির দিকে এগিয়ে যায় ‘শালিক বালিকা’র গল্প।