প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে নেদারল্যান্ডস ও চীনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌজন্য সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। সৌহার্দপূর্ণ এ আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে নেদারল্যান্ডসের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়।
সাক্ষাৎকারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সরঞ্জামের ব্যবহার ও কারিগরি প্রশিক্ষণে নেদারল্যান্ডস কীভাবে সহায়তা প্রদান করতে পারে সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে জাহাজ নির্মাণ শিল্পে নেদারল্যান্ডসের দীর্ঘ অভিজ্ঞতা ও বিশ্বমানের কারিগরি উৎকর্ষতাকে কাজে লাগানোর বিষয়ে বিশেষভাবে জোর দেওয়া হয়।
এর আগে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে উভয়ে দুই দেশের দীর্ঘস্থায়ী ও ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও নিবিড় করার পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বিজ্ঞপ্তি