ঘুষ নেওয়ায় বেবিচক কর্মকর্তার কারাদণ্ড 

ঘুষ নেওয়ার অভিযোগে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জুনিয়র জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর অ্যান্ড কনসালট্যান্ট এইচএম রাশেদ সরকারকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামিকে কারাদণ্ডাদেশের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস কারাভোগের রায় দেয়। আদালত অর্থদণ্ডের টাকা অভিযোগকারীকে দিতে নির্দেশ দেয়।  জামিনে থাকা রাশেদ সরকারকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

জানা যায়, বেবিচকের কমার্শিয়াল পাইলট লাইসেন্সের (সিপিএল) প্রথম ধাপ ‘এয়ার ল’ পরীক্ষায় ২০১৮ সালে উত্তীর্ণ হন রাকিব হাসান নামের একজন। পরবর্তী ধাপ ‘কম্পোজিট’ পরীক্ষার জন্য তিনি ২০১৯ সালের ২ সেপ্টেম্বর চার হাজার টাকা জমা দিয়ে আবেদন করেন। কিন্তু বেবিচকের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর অ্যান্ড কনসালট্যান্ট রাশেদ সরকার অনলাইন সিস্টেমে ওই আবেদন বাতিল করেন। তিনি ‘কম্পোজিট’ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলে মোবাইলে রাকিবের কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। রাকিব ৬ ডিসেম্বর উত্তরার ১৩ নম্বর সেক্টরে বিএফসিতে গিয়ে ওই টাকা দিয়ে আসেন। এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ টিমের সদস্যরা রাশেদকে হাতে-নাতে আটক করেন।