অতিরিক্ত পুলিশ সুপারসহ বরখাস্ত ৪ কর্মকর্তা

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ লঙ্ঘনের দায়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ চার কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়। চাকরি হারানো ওই চার কর্মকর্তা হলেন র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, জামালপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস, রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (এএসপি) মো. মাহমুদুল হাসান এবং ময়মনসিংহের সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফজালুন নেছা।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক প্রজ্ঞাপনগুলো থেকে জানা যায়, বিভাগীয় তদন্তে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকা ৫৭ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করাসহ কঠোর শাস্তির আওতায় সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বরখাস্তের তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নূরে আলম মিনা, ডিআইজি মো. আনিসুর রহমান, এ কে এম এহসানউল্লাহ, বিপ্লব বিজয় তালুকদার ও টুটুল চক্রবর্তী।

তালিকায় আরও আছেন সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, রিফাত রহমান শামীম, সুদীপ কুমার চক্রবর্তী, সঞ্জিত কুমার রায়, সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, ইকবাল হোসাইন, নাজমুল ইসলাম, মানস কুমার পোদ্দার, কাজী মনিরুজ্জামান, শাহ নূর আলম পাটওয়ারী ও এটিইউর সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন।

এ ছাড়া পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আলী আশরাফ ভূঞা, জেসমিন কেকা, আবু মারুফ হোসেন, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ ফরিদ উদ্দিন, রহমত উল্লাহ চৌধুরী, তারেক বিন রশিদ, আসাদুজ্জামান, আরিফুর রহমান ম-ল, মোহাম্মদ জায়েদুল আলম, শাহজাহান, গোলাম মোস্তফা রাসেল, হাসান আরাফাত, রাজীব দাস, হাসানুজ্জামান মোল্যা, হাফিজ আল ফারুক, রুবাইয়াত জামান, এস এম জাহাঙ্গীর হাছান, রাজন কুমার দাস, মাসুদুর রহমান মনির, রাশেদুল ইসলাম, তোহিদুল ইসলাম, রওশানুল হক সৈকত ও এস এম শামীম। সহকারী পুলিশ সুপার ও সহকারী কমিশনারদের মধ্যে রয়েছেন হাবিবুল্লাহ দালাল, আরিফুজ্জামান, আল ইমরান হোসেন, মোহাম্মদ ইমরুল, শাহ আলম মো. আখতারুজ্জামান ইসলাম, ইফতেখারুল ইসলাম, পলাশ রঞ্জন দে, মফিজুর রহমান পলাশ, গোলাম রুহানী ও নাহিদ ফেরদৌস। উল্লিখিত কর্মকর্তাদের মধ্যে কয়েকজন বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।