প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মীদের দক্ষতা, উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশগামী কর্মীদের দ্রুত সময়ে প্রেরণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব্য হ্রাস, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থীদের ভর্তি, মনিটরিং, সনদায়ন, বিদেশে অবস্থিত শ্রম কল্যাণ উইং হতে ডিমান্ড লেটার/ভিসা সত্যায়ন এবং বিদেশ গমনেচ্ছু কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যুসহ অভিবাসন ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও সহজতর করতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
নতুন শ্রমবাজারে জোর : সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে রেমিট্যান্স প্রবাহ ধরে রাখতে এবং বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে নতুন শ্রমবাজার সম্প্রসারণে জোর দিয়েছে সরকার। এ লক্ষ্যে থাইল্যান্ডের সঙ্গে কর্মী নিয়োগ চুক্তির খসড়া পাঠানো, জাপান ও দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থান সম্প্রসারণ, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর কূটনৈতিক উদ্যোগ এবং ইউরোপের কয়েকটি দেশে দক্ষ কর্মী পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের প্রধান শ্রমবাজার মধ্যপ্রাচ্য হলেও ইরান, লেবানন ও সিরিয়াসহ ওই অঞ্চলের অস্থিরতার কারণে কর্মী পাঠাতে কিছুটা প্রভাব পড়েছে। এ পরিস্থিতিতে বিদ্যমান বাজার সুসংহত করার পাশাপাশি বিকল্প শ্রমবাজার অনুসন্ধান ও সম্প্রসারণে সরকার উদ্যোগ নিয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, এশিয়ার আরও কয়েকটি দেশের সঙ্গে জনশক্তি রপ্তানি বিষয়ে নতুন চুক্তি করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া, মরিশাস, পর্তুগালসহ ইউরোপের সম্ভাবনাময় শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানো সহজ করতে ঢাকায় সংশ্লিষ্ট দেশগুলোর ভিসা সেন্টার স্থাপনের জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।
ইরান যুদ্ধে ১২ বাংলাদেশির মৃত্যু : নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ইরান যুদ্ধে এ পর্যন্ত ১২ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইরান থেকে ১২ নারী, আট শিশুসহ মোট ১৮৬ জনকে ফেরত আনা হয়েছে।
চা রপ্তানি থেকে আমদানি দেশের তালিকায় বাংলাদেশ : কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, বাংলাদেশ এক সময় বিশ্বে চা রপ্তানিকারক দেশ হিসেবে পঞ্চম স্থান দখল করলেও এখন আমদানিকারক দেশের তালিকায় নাম উঠেছে। গত কয়েক বছর অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বিদেশ থেকে চা আমদানি করা হচ্ছে।
তিনি জানান, দেশীয় চা শিল্প সুরক্ষার লক্ষ্যে চা আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে। চা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশের ১৭২টি চা বাগানে ভর্তুকি মূল্যে রাসায়নিক সার প্রদান করছে।
পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার : পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে পাহাড়ের নিচে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে বাড়ি বানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সরকারি এই উদ্যোগে সহায়তার জন্য সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের হাতে অনেক পরিত্যক্ত খাস জমি রয়েছে। সংসদ সদস্যরা যদি স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখেন, তবে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সেসব নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে পুনর্বাসন ও বাড়ি বানিয়ে দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত।
রাশিয়ায় চাকরির প্রলোভনে যুদ্ধের ময়দানে ৩০ বাংলাদেশি : লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসে উচ্চ বেতনের চাকরির আশ্বাসে বাংলাদেশি ৩০ যুবক রাশিয়ায় যান। পরে তাদের পরিবার অভিযোগ করেন, চাকরিতে যোগ দেওয়ার পরিবর্তে তাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি প্রকাশ্যে এলে সরকার তদন্ত শুরু করে এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করে। মন্ত্রী বলেন, সর্বশেষ প্রাপ্ত তথ্যে ৩০ জনের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনার আশা করছে সরকার।