মদ ও জুয়া নিষিদ্ধকরণসহ দুটি বিল সংসদে প্রত্যাহার  

দেশে মদ্যপান, মদ্য জাতীয় পানীয় ও জুয়া খেলা নিষিদ্ধের বিধান রেখে জাতীয় সংসদে ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) আইন, ২০২৬’-এর বিল উত্থাপনের প্রস্তাব করে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একইভাবে ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) অ্যাক্ট ২০২৬’ বিলটিও প্রত্যাহার করে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বিল দুটি উত্থাপন করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। পরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিল দুটি প্রত্যাহারের অনুরোধ জানান।

আইনমন্ত্রী বলেন, সংসদ সদস্য যে দুটি আইন এনেছেন সে দুটি আইন আছে। আমরা সংসদের এই অধিবেশনেই ‘জুয়া আইন ২০২৬’ বিল পাস করেছি। আরেকটি হলো ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। সে আইনের সেকশন ২-এর সাব-সেকশন ৫, সেকশন ২-এর সাব-সেকশন ২৪, সেকশন ২-এ সাব-সেকশন ২৯ এবং সেকশন ১১ পড়লে উনি যে উদ্দেশ্যে বিলটা আনছেন ওটা কাভার হয়ে যায়। এই বিলটি প্রত্যাহারের জন্য উনাকে অনুরোধ করছি। এরপর শাহজাহান চৌধুরী বিলটি প্রত্যাহার করে নেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদকে বলেন, যেহেতু শাহজাহান চৌধুরী আইনমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে বিলটি উত্থাপন না করার জন্য সম্মত হয়েছেন সেহেতু বিলটি আর ভোটে দিচ্ছি না।