অ্যানিমেশনের গন্ডি পেরিয়ে এবার জ্যান্ত চরিত্রে রুপালি পর্দায় আসছে ডিজনির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মোয়ানা’। ২০১৬ সালের সাড়া জাগানো প্রথম কিস্তির বিপুল সাফল্য এবং ২০২৪ সালের সিকুয়েলের বিলিয়ন ডলার আয়ের ধারাবাহিকতায় এবার নির্মিত হয়েছে এর লাইভ-অ্যাকশন সংস্করণ। টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই সিনেমাটি মুক্তি পেয়েছে গতকাল ১০ জুলাই।
লাইভ-অ্যাকশন সংস্করণের সবচেয়ে বড় আকর্ষণ ‘মাউই’ চরিত্রটি, যেখানে পর্দায় সরাসরি হাজির হচ্ছেন হলিউড তারকা ডোয়াইন জনসন (দ্য রক)। এর আগে অ্যানিমেটেড সংস্করণে এই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনিই। এক দশক পর সরাসরি ক্যামেরার সামনে মাউই চরিত্রে অভিনয় করাকে ক্যারিয়ারের অনন্য ও আবেগময় অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন জনসন।
এক দুঃসাহসী কিশোরীর সমুদ্রযাত্রা এবং অহংকারী অর্ধ-দেবতা মাউইয়ের সঙ্গে মিলে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার রোমাঞ্চকর অভিযানই এতে দেখা যাবে। বিশ^জুড়ে ভক্তদের তুমুল উন্মাদনা আভাস দিচ্ছে, বক্স অফিসে আরও একটি অভাবনীয় সাফল্যের রেকর্ড গড়তে যাচ্ছে এই নতুন ‘মোয়ানা’।