কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা জোরালো করতে নতুন এআই এজেন্ট ‘চ্যাটজিপিটি ওয়ার্ক’ উন্মোচন করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই টুলের মাধ্যমে কোডিং না জানলেও ব্যবহারকারীরা সহজেই ডকুমেন্ট, প্রেজেন্টেশন, এমনকি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘চ্যাটজিপিটি ওয়ার্ক’-এ ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবটের সঙ্গে তাদের কোডিং টুল কোডেক্স যুক্ত করা হয়েছে। এটি পরিচালিত হবে কোম্পানির নতুন জিপিটি-৫.৬ মডেলে, যা আগের তুলনায় দ্রুত এবং কম খরচে জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ উদ্যোগকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই কর্মসহায়ক টুলের জবাব হিসেবেই দেখা হচ্ছে। করপোরেট গ্রাহকদের জন্য স্বয়ংক্রিয় এআই এজেন্ট তৈরির বাজারে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা বেড়েই চলেছে।
ওপেনএআই জানিয়েছে, নতুন সেবাটি বিশেষভাবে অফিসকর্মী ও নন- কোডারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যাতে তারা কারিগরি দক্ষতা ছাড়াই এআইয়ের সহায়তায় জটিল কাজ করতে পারেন। কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার টাই জেরির ভাষ্য, বিভিন্ন খাতের বাস্তব সমস্যার সমাধানে এ টুলের কোডিং সক্ষমতা কাজে লাগানো যাবে। প্রথম ধাপে ‘প্রো’, ‘এন্টারপ্রাইজ’ ও ‘এডু’ গ্রাহকরা ‘চ্যাটজিপিটি ওয়ার্ক’ ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে ‘প্লাস’ ও ‘বিজনেস’ ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হবে। একই সঙ্গে ডেস্কটপ অ্যাপ ও হোস্টেড ওয়েবসাইট তৈরির নতুন সুবিধাও চালু করার ঘোষণা দিয়েছে ওপেনএআই।