উদ্ধারকারীদের ওপরেই চলন্ত বাস, নিহত ৫

দুর্ঘটনাকবলিত পিকআপ উদ্ধারে আসা মানুষের ওপর একটি যাত্রীবাহী বাস চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদী নামক এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী এলাকার আরিফ মাতুব্বর (২৫), ওবায়দুল সেখ (৪০), জয়নাল মিয়া (২৪), নুরুননবী সেখ (১২) ও হাফিজুর (৫০)। এ ছাড়া সোয়াদী গ্রামের সেতু মাতুব্বরকে মুমূর্ষু অবস্থায় ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডিমবোঝাই একটি পিকআপভ্যান সোয়াদী নামক স্থানে সড়কে উল্টে যায়। পরে স্থানীয়রা পিকআপটি উদ্ধার কার্যক্রম শুরু  করে। এ সময় বিপরীত দিক থেকে নড়াইল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস পিকআপটি উদ্ধারে অংশ নেওয়া মানুষের ওপর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ এবং নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।