মুক্তির প্রথম দিনেই ওপার বাংলায় দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। গত ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই একাধিক শোতে হাউজফুল হয়েছে। সম্পর্ক, বিচ্ছেদ ও স্মৃতির সূক্ষ্ম টানাপড়েন নিয়ে নির্মিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান ও ভারতের চূর্ণী গাঙ্গুলী।
কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনী শেষে জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও নির্মাতা কৌশিক গাঙ্গুলী দর্শকদের মুখোমুখি হন। সিনেমাটি দেখে অনেক দর্শকই আবেগাপ্লুত হয়ে পড়েন।
নির্মাতা ইন্দ্রনীল রায় ছবিটির ভূয়সী প্রশংসা করে চূর্ণী গাঙ্গুলীর অভিনয়কে ‘মাস্টারক্লাস’ এবং জয়া-চূর্ণীর যুগলবন্দিকে ছবির প্রধান শক্তি বলে উল্লেখ করেছেন। ছবিটির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। অম্বরীশ ও কৌশিক সেনসহ সব শিল্পীর পরিণত অভিনয় এবং চমৎকার নির্মাণশৈলী ছবিটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।