মাছরাঙা টেলিভিশনে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান। একান্নবর্তী পরিবারের সুখ-দুঃখের গল্প নিয়ে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আ খ ম হাসান, ফারজানা মিহি, শামীম জামান, জয় রাজ, রেজমিন সেতু, সালাউদ্দিন লাভলুসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, নয়নপুর গ্রামের প্রচুর সম্পত্তির মালিক বৃদ্ধ সেরাজ খাঁ। তার বড় ছেলে মেরাজ নিঃসন্তান হওয়ায় ছোট ভাইয়ের ছেলে কামালকে পালক নিয়ে লেখাপড়া শিখিয়ে বড় করেছে। তবে অন্য ছেলেরা তেমন লেখাপড়া করেনি। এদিকে সেরাজের বিধবা মেয়ে শাফিয়া মাঝেমধ্যেই সম্পত্তির ভাগ চাইতে বাবার বাড়ি আসে। অন্যদিকে ছোট ছেলের বউ রত্না তার ধুরন্ধর ভাইকে গোপনে টাকা দেওয়ায় পরিবারে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সম্পত্তির ভাগাভাগি, পারিবারিক টানাপড়েন আর নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যাবে এই একান্নবর্তী পরিবারের গল্প। নাটকটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।