ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশাররফ

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন মোশাররফ গ্রুপের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোরশেদ মিল্টন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসার কারা কনভেনশন সেন্টারে বিএফএ এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটির ভোটগ্রহণ হয়।

বিএফএর সেক্রেটারি রিয়াজ আহমেদ জানান, সারা দেশে সংগঠনটির ৪ হাজার ২০০ ভোটার রয়েছেন। এর মধ্যে দুই হাজার ৬২ জন ভোটার ভোট দিয়েছেন। এ ছাড়া সংগঠনের ৩২টি পদের মধ্যে দেশের ৪টি বিভাগীয় অঞ্চল থেকে ইতিমধ্যে ৩০ জন নির্বাচিত হয়েছেন। বাকি দুইটি পদে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে মো. মোশাররফ হোসেন পেয়েছেন ১ হাজার ৮শ ৯৬ ভোট, অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরশেদ মিল্টন পেয়েছেন ৪৩ ভোট।

তিন সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দ্বীপ কুমার সরকার। সদস্য ছিলেন সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন ও মোহাম্মদ হাসিব সরকার।

ভোটাভুটিতে পরিচালক (অর্থ) হিসেবে নির্বাচিত হছেন মো. আলাউদ্দিন চৌধুরী। তিনি ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. এনামুল হক পেয়েছেন ৯৫ ভোট। জানা গেছে, পরিচালনা পর্ষদের ৩২টি পদের মধ্যে দুটি পদেই ভোটাভুটি হয়েছে। বাকি পদগুলোতে প্রতিযোগী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।