আগামীকাল সোমবার সরকারি সফরে বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপত্তার স্বার্থে কোনো ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ থেকে বিরত থাকতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন নিজের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা তোরণ নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
এদিকে প্রধানমন্ত্রীর সফরসূচিতে নতুন একটি কর্মসূচি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কৃষকরা। গতকাল বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা সদ্য পুনঃখননকৃত ঐতিহাসিক স্বনির্ভর খাল পরিদর্শন এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোর এবং বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে সার্কিট হাউজে সংক্ষিপ্ত বিরতির পর বিকেল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। নির্ধারিত কর্মসূচি শেষে একই দিন ঢাকায় ফিরে যাবেন।